অলোকনাথ মুখোপাধ্যায় প্রকৃতপক্ষেই একজন আড়ালে থাকা কবি। সভা-সমিতিতে তাঁকে দেখা যায় না, কবিতাপাঠের আসরেও তাঁর উপস্থিতি কদাচিৎ। অথচ অলোকনাথের সারাজীবনের লেখালিখি মানুষকে নিয়ে, মানুষের ভিতর থেকে, মানুষের জন্যে। তাঁর প্রথম কবিতাবইয়ের নামই ‘মানুষের জন্যে’। পরের বই, ‘এসো, মিলেমিশে থাকি’। শেষতম বই, সত্যিটা ছোঁয়ার চেষ্টা করছি। সত্তর দশকের অগ্রগণ্য এই কবি সেই সময়ের রক্তাক্ত অভিজ্ঞতা বুকে নিয়ে স্নাতকোত্তর পাঠ অর্ধসমাপ্ত রেখে ঢুকে পড়েন অর্থনৈতিক প্রতিষ্ঠানে। একসময় রাজনীতি, ট্রেকিং সবেতেই যুক্ত ছিলেন। কমবয়সে ‘সারস’ নামে একটি ক্ষণজন্মা পত্রিকাও সম্পাদনা করেছেন। তবে কখনোই, কোনো কিছুই উচ্চকিত নয়। আড়ালে থেকে লেখা অলোকনাথ মুখোপাধ্যায়ের কবিতার দ্যুতি বার বার আমাদের মুগ্ধ করেছে। ভিড়ের বাইরের এই কবির আটটি কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি নিয়ে প্রকাশিত হচ্ছে ‘কবিতাসংগ্রহ’র প্রথম খণ্ড।